স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা–পরবর্তী সময়ে রচিত ইতিহাসের একটি বড় অংশ ‘মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘বিজয়ের ৫৪ বছর, স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, স্বাধীনতার পরপরই ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রণয়ন করেননি। বরং বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে গোপন রাজনৈতিক সুবিধা নেওয়া হয়েছে।
নুরুল ইসলাম অভিযোগ করেন, এর মাধ্যমে অর্থনৈতিক সুবিধা ভোগ করে জাতির মধ্যে বিভাজনের রাজনীতি করা হয়েছে। তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে এবং আওয়ামী শাসনামলে তাদের কর্মসূচিতে নিয়মিত গ্রেপ্তারের শিকার হতে হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আল্লাহ আমাদের পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করেছেন, আর ২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি।
সেমিনারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনায় ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেন।
সভাপতির বক্তব্যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদী শাসনের মধ্যেও ছাত্রশিবির নিয়মিত স্বাধীনতা ও বিজয় দিবস পালন করেছে, যার কারণে বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার হতে হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি