রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো।
তিনি এ সময় সমর্থকদের উদ্দেশে লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের ভিড় বা হট্টগোল না করার অনুরোধ জানান এবং সেখানে না যাওয়ার আহ্বান জানান।
বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত ওই সভায় তারেক রহমান বলেন, দুই মাসের মধ্যে দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি স্বপ্নে নেই, আমি পরিকল্পনায় আছি। আগামী পথ কঠিন উল্লেখ করে তিনি জানান, দায়িত্বশীল পরিকল্পনা গ্রহণ করেই সেই পথ পাড়ি দিতে হবে।
সভায় তারেক রহমান দলের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সরকার গঠন করলে অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপযুক্ত ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঠামোগত সংস্কার আনা হবে।
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভায় দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেন।
রিপোর্টার্স২৪/বাবি