| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ০৪:৪৬:৪৩:পূর্বাহ্ন  |  ১০১৩৮৬১ বার পঠিত
আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশে ফেরাকে ঘিরে লন্ডনের বিমানবন্দরে বিদায় জানাতে নেতাকর্মীদের ভিড় না করার জন্য স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান এই আহ্বান জানান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস—এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। একই সঙ্গে তিনি স্মরণ করেন দীর্ঘ প্রবাসজীবনের কথা। তার ভাষায়, প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং এই সময়জুড়ে নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তবে ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাবেন বলে জানান।

দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হট্টগোল সৃষ্টি না করার জন্য সবাইকে সতর্ক করেন তারেক রহমান। তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, ওই দিন কেউ যেন তাকে বিদায় জানাতে বিমানবন্দরে না যান।

তারেক রহমান বলেন, আমি আপনাদের দোয়া নিয়ে, আল্লাহর রহমতে দেশে ফিরবো। কিন্তু এই ঘরে উপস্থিত প্রত্যেকের কাছে আমার অনুরোধ দয়া করে ২৫ তারিখে কেউ এয়ারপোর্টে যাবেন না। তিনি জোর দিয়ে বলেন, বিমানবন্দরে ভিড় হলে তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে ভিড় হলে সেখানে উপস্থিত মানুষের পরিচয় বাংলাদেশি হিসেবে প্রকাশ পাবে, যা দেশের ভাবমূর্তি ও দলের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এজন্য শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, যারা তার এই অনুরোধ সম্মান জানাবেন, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। আর তার নিষেধাজ্ঞা অমান্য করে যারা বিমানবন্দরে যাবেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪