রিপোর্টার্স২৪ ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি-এর মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে তার শারীরিক অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পরই এই অপারেশন করা সম্ভব হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ওসমান হাদির শরীরের অন্যান্য সব অঙ্গ সচল আছে, তবে মস্তিষ্কের কার্যক্রম পুনরায় সক্রিয় করতে অপারেশন জরুরি।
পোস্টে আরও উল্লেখ করা হয়, বর্তমানে প্রধান লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন। পরিবার ও সমর্থকদের কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন হাদিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি করে। ওই ঘটনার সময় তিনি রিকশায় ছিলেন। গুলি মাথার ডানদিক দিয়ে প্রবেশ করে বামদিক দিয়ে বের হয়, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে তার সঙ্গে আছেন ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল হাসান ফয়সাল।
সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে অপারেশন করা সম্ভব নয়।
রিপোর্টার্স২৪/ঝুম