| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৫:২৭:০৫:অপরাহ্ন  |  ১০১৫৭১৪ বার পঠিত
৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিসহ গঠিত এই জোটের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির (একাংশ) দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের আহ্বানে ফ্রন্টের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের যাঁরা প্রার্থী হতে আগ্রহী, তাঁদের আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় গুলশান অ্যাভিনিউয়ের বাড়ি নম্বর ১২১/ডি, রোড নম্বর ৪৪–এ অবস্থিত কার্যালয়ে জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া ফ্রন্টের অন্তর্ভুক্ত সব রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গঠনের ঘোষণা দেওয়া হয়। সাবেক দুই মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিসহ মোট ১৮টি রাজনৈতিক দল এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ছয়টি দলের নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন রয়েছে।

নতুন জোটে আনোয়ার হোসেন মঞ্জুকে প্রধান উপদেষ্টা এবং আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি করা হয়েছে। জোটের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এ ছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন দল জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শরিক দলগুলো হলো,জাতীয় পার্টির (আনিসুল ইসলাম মাহমুদ) অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪