স্টাফ রিপোর্টার: ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে, জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে সেটাই প্রমাণ হবে।
বুধবার রাজধানীর ওয়ারীতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইশরাক হোসেন এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও যে দল স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, তাদের উদ্দেশে বলছি—১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণহত্যা চিরন্তন সত্য, যা মুছে ফেলা সম্ভব নয়।
ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বা বিকৃত করা হলে তা দেশের জনগণ কখনও মেনে নেবে না। যারা ইতিহাসের পটভূমি ভুলভাবে তুলে ধরছে, তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল, ভারতের কাছে নয়, এবং স্বাধীনতার অর্জন বাংলাদেশের জনগণেরই।
সভায় সভাপতিত্ব করেন কে এস হোসেন টমাস। বিশেষ অতিথি ছিলেন ওয়ারী থানা বিএনপি আহ্বায়ক লিয়াকত আলী, কাজী আবুল বাসার, জাহাঙ্গীর শিকদার, ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব রহিম ভূঁইয়া, জাসাস নেতা শিবা শানু এবং ৩৮ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।