রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু সংক্রান্ত খবর সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাদির মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব।
বিবৃতিতে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বলা হয়, ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। তবে তার মৃত্যুর যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সত্য নয়।
এতে আরও জানানো হয়, হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দোয়ার আহ্বানে বলা হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।
এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/আরকে