রিপোর্টার্স২৪ ডেস্ক: জনগণের সহযোগিতা ও সমর্থনই তার রাজনৈতিক পথচলার একমাত্র ভরসা—এমন মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, নির্বাচনে অংশ নিতে বিপুল অর্থের প্রয়োজন হলেও তার সে সামর্থ্য নেই। তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সহানুভূতিই তাকে সাহস জুগিয়েছে।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, “যেদিন আমি বলেছিলাম নির্বাচনে দাঁড়াতে অনেক অর্থ লাগে, যা আমার নেই—সেদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। তিনি অনুপ্রেরণা দেন, জনগণের সত্যিকারের প্রতিনিধি হিসেবে আমাদের সংসদে যাওয়া জরুরি।”
তিনি বলেন, এই সহানুভূতিই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের সময় যেমন লাখো মানুষের মিছিল গণভবন পর্যন্ত পৌঁছে স্বৈরাচারকে পিছু হটতে বাধ্য করেছিল, ঠিক তেমনভাবেই জনগণের শক্তিকেই তিনি তার রাজনৈতিক যাত্রার মূল ভিত্তি হিসেবে দেখছেন।
আসিফ মাহমুদ আরও জানান, নির্বাচনি প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক আহ্বান জানালে ইতোমধ্যে ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারী ঢাকা-১০ আসনের বাসিন্দা। দ্রুতই তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা।
এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিযুক্ত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম