রিপোর্টার্স২৪ডেস্ক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি দেশে ফিরে না এলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে সংগঠনটি। হাদির অবস্থার অবনতি হলে দেশ অচল করার কর্মসূচি নেওয়া হবে বলে আগাম ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়,ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হাদি যদি মারা যান, সে ক্ষেত্রে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, এ পরিস্থিতিতে সারা দেশে ব্যাপক কর্মসূচি দেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়, অভিযুক্ত কেউ বিদেশে বিশেষ করে ভারতে পালিয়ে গেলে তাকে গ্রেপ্তার করে দেশে ফেরাতে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হবে।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।
রিপোর্টার্স২৪/এসসি