স্টাফ রিপোর্টার: ‘দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে’—এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গত বুধবার (১৭ ডিসেম্বর) জুলাই ঐক্যের এক কর্মসূচিতে বিক্ষোভকারীরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছু স্লোগান দেন। এর মধ্যে দুটি স্লোগান ছিল—‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’, ‘যে ভারত খুনি পালে সেই ভারত ভেঙে দাও’।
এইদিকে ইঙ্গিত করে লুৎফুজ্জামান বাবর তার পোস্টে বলেন, ‘কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন—এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।’
তিনি বলেন, ‘বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব