স্টাফ রিপোর্টার: দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বেনামি ও তারিখবিহীন চিঠির মাধ্যমে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকি দেওয়া হয়েছে,যা ঘৃণ্য ও নিন্দনীয়।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয়, এ দেশে মুসলিমসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। প্রতিটি নাগরিক ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকারসহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।
জামায়াতের এই নেতা বলেন, খ্রিস্টান সম্প্রদায়সহ দেশের সকল ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠীর জানমাল, ইজ্জত-আব্রু এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি