রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা পরিচয় দেওয়া একদল তরুণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।
খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুসংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই ২০ থেকে ২৫ জন তরুণ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
অবস্থানকারীদের একজন মোহাম্মদ তানভীর অভিযোগ করে বলেন, হাদির আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম বলেন, ১৫-২০ জন ব্যক্তি ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি