রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শহীদ হাদির মরদেহ আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ০৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করতে পারে বলে জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানায়, সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে (The Angullia Mosque) সকাল ১০টায় শহীদ হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ বাংলাদেশে আনা হবে।
বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা আগামী শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও আন্দোলনের চেতনাকে এগিয়ে নিতে হাদি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। তাঁর মৃত্যুর খবর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে তিনি বলেন, অত্যন্ত হৃদয়বিদারক এক সংবাদ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।
হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শোক ও সমবেদনা জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে আজ দোয়া মাহফিল এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম