| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাফের ‘নোংরা চাল’ ও মধ্যরাতের ইমেইলে বিধ্বস্ত শ্রীলঙ্কা, ক্ষোভে ফুঁসছেন মুতাইরি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১৯:৪১:৫১:অপরাহ্ন  |  ৮১৯ বার পঠিত
সাফের ‘নোংরা চাল’ ও মধ্যরাতের ইমেইলে বিধ্বস্ত শ্রীলঙ্কা, ক্ষোভে ফুঁসছেন মুতাইরি

স্পোর্টস ডেস্ক: রেফারির শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে দেখা গেল বাংলাদেশের জয়, ৪-০ গোলে হারল শ্রীলঙ্কা। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচের আসল উত্তাপ যেন জমা ছিল মাঠের বাইরের ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের জন্য।

হারের গ্লানি নিয়ে সংবাদ সম্মেলনে আসা শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি যেন পরিণত হলেন এক জীবন্ত আগ্নেয়গিরিতে। ম্যাচের কৌশল বা ফুটবলীয় বিশ্লেষণ নয়, তার পুরো ক্ষোভ আছড়ে পড়ল সাফের লিগ্যাল ডিপার্টমেন্টের প্রধান তানজিম আহমেদ খানের ওপর।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন মধ্যরাতে পাঠানো এক ইমেইলেই মূলত মানসিকভাবে ম্যাচটা হেরে বসেছিল তার দল, এমনটাই দাবি এই কোচের। অবলীলায় তিনি স্বীকার করে নিলেন, ‘ওই ইমেইল পাওয়ার পর থেকেই আমি জানতাম যে আমরা হারতে যাচ্ছি।

মুতাইরির অভিযোগ, ম্যাচের আগের রাতে যখন তার দলের শান্তিতে বিশ্রাম নেওয়ার কথা, ঠিক সেই মধ্যরাতে সাফের লিগ্যাল হেড তাঁকে একটি ইমেইল পাঠান। সেখানে রেফারিংয়ের সমালোচনা ও ভিএআর চাওয়ার ‘অপরাধে’ তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়।

তীব্র ক্ষোভ প্রকাশ করে লঙ্কান কোচ বলেন, ‘মাইন্ড গেম! অভিনন্দন তানজিম, আপনি চমৎকার কাজ করছেন। কেন আপনারা মধ্যরাতে ইমেইল পাঠালেন, সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? এত তাড়াহুড়ো কিসের ছিল? এমনকি আমার স্ত্রীও মধ্যরাতে আমার সঙ্গে কথা বলে না।’ খোদ আয়োজক দেশের বিপক্ষে যখন তাদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, তখন বাংলাদেশের একজন কর্মকর্তার এমন আচরণকে স্রেফ ‘নোংরা চাল’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

সাফের কর্তাব্যক্তিদের দ্বৈতনীতি নিয়েও এদিন রীতিমতো সমালোচনা করেছেন লঙ্কানদের এই প্রধান কোচ। ২০২৩ সালের সাফের প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন ভারতের তৎকালীন ইউরোপীয় কোচের কথা। চরম আক্ষেপের সুরে মুতাইরি বলেন, ‘পাকিস্তান ম্যাচে যখন ভারতের কোচ লাল কার্ড পেলেন, সাফ তাকে শাস্তি দিতে চায়নি। তিনি ইউরোপিয়ান, ভারতের কোচ। তাকে কে আটকাবে? তৃতীয় ম্যাচে তিনি কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে মারামারি করলেন। সাফ কী করেছিল? মাত্র ৫০০ ডলার জরিমানা। অথচ আপনারা আমাকে বার্তা পাঠাচ্ছেন যে আমাকে ছয় মাস বা এক বছরের জন্য নিষিদ্ধ করবেন! কেন? আমি যদি কোনো ইউরোপীয় হতাম, তবে কি তারা আমাকে আটকাতে পারতেন?’

২০২১ সালের সাফের ফাইনালে দুটি হলুদ কার্ডের অজুহাতে তাকে নিষিদ্ধ করার পুরোনো ক্ষোভও এদিন উগরে দিয়েছেন মুতাইরি। সংবাদ সম্মেলনেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘প্রতিযোগিতার নিয়মকানুনে যদি একটি ধারাও আপনারা খুঁজে পান, যেখানে বলা আছে দুটি হলুদ কার্ড দেখলে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করা যাবে, তবে আমি ফুটবল কোচিং করানো ছেড়ে দেব।’

ক্ষোভে ফুঁসতে থাকা মুতাইরি সরাসরি তানজিমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অনেক অভিনন্দন, তানজিম সাহেব। কিন্তু যখন হাশরের ময়দানে আল্লাহর সামনে আমি আর আপনি মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? আনা খাসীমুকা ইয়াওমাল কিয়ামাহ (কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে ফরিয়াদি হব)।’

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাফের যাবতীয় প্রমাণ ফাঁস করার হুমকি দিয়ে মুতাইরি বুঝিয়ে দিলেন, এই বিতর্কের আগুন এত সহজে নিভছে না। মাঠের খেলা শেষ হলেও বাইরের লড়াই যে সবে শুরু, সেই ইঙ্গিত স্পষ্ট করেই সংবাদ সম্মেলন শেষ করার আগে সাফের কর্তাদের প্রতি তার মোক্ষম বার্তা ছিল একটাই, ‘সাফ যদি আসলেই ফুটবলের উন্নয়ন চায়, তবে তাদের একটাই কাজ করতে হবে: শুধু ফুটবলটা খেলতে হবে। স্রেফ ফুটবল।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪