রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে বলেন, দেশে যদি কেউ নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদেরকেও কঠোরভাবে মোকাবিলা করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পাটওয়ারী বলেন, ‘কারও প্ররোচনায় পা না দিয়ে বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষা করতে হবে। ভারতের ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগকে প্রশ্রয় দিলেও তাদের হাইকমিশনে হামলা নয়; শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। হাইকমিশনে হামলা করলে বহিঃশক্তি দেশে হস্তক্ষেপের সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ‘শুধু দিল্লি নয়, পিন্ডির বিরুদ্ধেও জনগণকে সতর্ক থাকতে হবে। যেসব শক্তি চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা থেকে সরে যেতে চায়, তাদের বিরুদ্ধেও জনগণকে সচেতন থাকতে হবে।’
রিপোর্টার্স২৪/আয়েশা