আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি’র হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করার জন্য।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ হাদির হত্যাকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গুলিবিদ্ধ হয়ে আহত হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি বলেন, দেশে শান্তি বজায় রাখা এবং হত্যাকাণ্ডের দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সকলকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। প্রতিশোধ কেবল বিভেদকে গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে।
ভলকার তুর্ক আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি