রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯:৪০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছানো হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি আনা হয়, যেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মরদেহ আনার সময় হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ হাসপাতালে এসে হাদিকে শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা করেন। ময়নাতদন্ত শেষে সকাল সাড়ে ১১টার দিকে তাকে গোসল করানো হবে। এরপর মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে দুপুর দুইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, শহীদ ওসমান হাদির মৃত্যুতে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগরে গণসংযোগে অংশ নেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম