| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান আরও আগে এলে বিএনপির জন্য ভালো হতো

দেশে রাজনৈতিক শূন্যতা বিপজ্জনক: প্রথম আলো সম্পাদক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২১:০৫:১০:অপরাহ্ন  |  ৩৭৫১৬৪ বার পঠিত
দেশে রাজনৈতিক শূন্যতা বিপজ্জনক: প্রথম আলো সম্পাদক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, যা বিপজ্জনক ও বিএনপির জন্যও কিছুটা কঠিন। তিনি মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে দেশে এলে দল ও দেশের জন্য ভালো হতো।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মতিউর রহমান আরও বলেন, তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে। গত ১৫ মাসে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড ভালো হয়নি। তবে এখনও সংশোধনের সুযোগ আছে, তিনি যোগ করেন।

মতিউর রহমান বলেন, এখনও বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। আমাদের জরিপেও বিএনপি বড় দল হিসেবে উঠে এসেছে। তিনি নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য দলের নেতৃত্ব ও নেতাকর্মীদের মধ্যে বিনয় ও ভদ্রতার প্রতিফলন আরও বেশি প্রয়োজন। তবে প্রার্থী তালিকা কিছু জায়গায় মানুষের কাছে তেমন উৎসাহব্যঞ্জক মনে হচ্ছে না।

প্রথম আলো সম্পাদক আরও বলেন, অতীতের সরকারগুলোর মধ্যে সংবাদপত্র সবচেয়ে বেশি চাপের মধ্যে ছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়ে। ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ, মালিক ও সম্পাদক পরিবর্তনের চেষ্টা এসবই চরম উদাহরণ। যদি জুলাই-আগস্টের পরিবর্তন না হতো, বর্তমানের মতো পরিবেশ থাকতো না। এতে আমাদের উপকার হয়েছে, তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির শাসনামলেও সবকিছু ভালো ছিল না, তবে বিগত সরকারের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক ছিল। ৯৬ সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের দৌরাত্ম্য বেড়ে যায়। ২০০১ সালে বিএনপি জিতলেও একই পরিস্থিতি চলতে থাকে।

মতিউর রহমান মন্তব্য করেন, আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক। নির্বাচন হবে;এটা নিশ্চিত। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে আগামী দুই মাস কেমন যাবে, তা নিয়ে প্রশ্ন আছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪