লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা সারা দেশে অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগেতো এমনটি ছিল না। অপরাধ করার পর কয়েক দিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত, ধরা যেত—এক দিন, দুই দিন অথবা কিছু দিনের মধ্যেই অপরাধীরা ধরা পড়ত।’
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি পুলিশ প্রশাসনকে বলছি—আপনারা তৎপর হোন, না হলে আপনাদের প্রতি জনগণের সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এ দেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতিকারী ও অপরাধী যেন গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে—সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
বিএনপি নেতা রিজভী আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আরও বলেন, ‘এদের অত্যাচার, নৃশংসতা, ভয়াবহতা ও রক্তপিপাসু চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ আগস্ট পুলিশের গুলির মুখে ছাত্র-জনতা নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো ভয়ংকর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই। তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। যারা আশ্রয় দিয়েছে, তাদের কাছ থেকে দুধ-কলা দিয়ে পোষণ করে সুতো টানছে। চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা—সবই একই সূত্রে গাঁথা।’
তিনি বলেন, ‘লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছে, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে।’
এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলালকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান রিজভী। পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নগদ ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে নিহত শিশু আয়েশার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে কথা বলেন রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল ও তার আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হয়। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ঘটনার রহস্যও উদ্ঘাটন হয়নি।
রিপোর্টার্স২৪/এসএন