নারায়ণগঞ্জ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে ‘পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
তিনি বলেছেন, “হাদিকে হত্যা করে এই যে পরিস্থিতি তৈরি করা এবং এই প্রতিষ্ঠানগুলোতে হামলা—এসব কিছুকে আমরা এক হিসেবেই দেখছি। এটিকে পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি।”
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ কথা বলেন তিনি।
রফিউর রাব্বি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশ একটি গণতান্ত্রিক পরিবেশের পথে যাচ্ছে, তখন এই দেশে বর্বরতা বৃদ্ধি করে, হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি। যারা আগেও এসব ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, আমরা তাদের রুখে দিয়েছি। ইতিহাস যাতে তাদের পক্ষে না যায়, ইতিহাস যাতে মানুষের পক্ষে থাকে—সে আন্দোলন-সংগ্রামের রাস্তায় আমরা ছিলাম।”
তিনি আরও বলেন, “এখনো এই সমাবেশ থেকে বলতে চাই, ঘাতকের বুলেট, ঘাতকের তরবারি যতই শক্তিশালী হোক না কেন, আমাদের সংস্কৃতির শক্তি তার চেয়ে অনেক, অনেক বেশি শক্তিশালী। এটি আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে তার প্রমাণ দিয়েছি। গান, কবিতা, চিন্তা ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে আমরা বুলেটকে মোকাবিলা করব।”
তিনি বলেন, “এই বর্বরতায় আমরা ভীত হইনি। তারা যতই বর্বর হোক, আমরা আমাদের শক্তি—সাহিত্য ও চিন্তা দিয়ে তাদের মোকাবিলা করব। অবশ্যই আমরা এই ভূখণ্ডে তাদের পরাজিত করব।”
তিনি বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গত বছর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ‘একটি সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ও বিকাশ ঘটেছে’ বলেও মন্তব্য করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এ জন্য তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, “একটি মানবিক ভূখণ্ড তৈরি করতে বারবার আমরা সংগ্রাম করেছি, আত্মাহুতি দিয়েছি, রক্তদান করেছি। আমরা সব মানুষ, ধর্ম, জাতি ও গোষ্ঠীর সমন্বয়ে একটি মানবিক সমাজ ও মানবিক দেশ গড়তে চেয়েছি। স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছি সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সমাবেশে গান ও কবিতার মাধ্যমে সম্প্রতি সাংস্কৃতিক সংগঠন উদীচী, ছায়ানট এবং শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিশু সংগঠক রথিন চক্রবর্তী, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, মন্টু ঘোষ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জিয়াউল ইসলাম কাজল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন