ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর মিল-চাতাল, হাউজ বয়লার ও তুষের ঘর ভাঙচুর, গাছ কাটা ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভয় কুমার রায় (৬৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার বাদী একজন ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ও নির্বাচনে সমর্থন না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আসামিরা বাদীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার দিন, ২০০৯ সালের ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক লোক দেশীয় অস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে বাদীর মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ককটেল ও পটকা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে মিল-চাতাল ভেঙে প্রায় ১০ হাজার ইট, হাউজ বয়লার, হাসকিং মিল, মোটর, সিদ্ধ ধানসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নেওয়া হয়। পাশাপাশি দুটি মূল্যবান মেহগনি গাছসহ অসংখ্য গাছ কেটে নিয়ে যায় হামলাকারীরা।
বাদীর দাবি, এ ঘটনায় তার প্রায় ১৫ লাখ ৪৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তাকে মারধর ও একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ ও জিজ্ঞাসাবাদে অভয় কুমার রায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় জামিন পেলে সাক্ষীদের ভয়ভীতি দেখানো ও তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন