| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির হত্যার বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:৫৭:২৩:অপরাহ্ন  |  ৯৬৬০২৮ বার পঠিত
হাদির হত্যার বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক মানের পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার(২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান। ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত আইজিপির ব্রিফিং ও হত্যাকাণ্ডে প্রশাসনের বক্তব্য প্রত্যাখ্যান’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

আবদুল্লাহ আল জাবের বলেন, আমাদের দুটি স্পষ্ট দাবি—অবিলম্বে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সেই ট্রাইব্যুনালের কার্যক্রমে সহায়তার জন্য এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। এই দুই বিষয় দ্রুত নিশ্চিত না হলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।

তিনি বলেন, ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তাঁর বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর নেওয়া পদক্ষেপ ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে আওয়ামী দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও আগে জানানো হয়েছিল। তবে সরকারের জবাব সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি।

ফাতিমা তাসনিম জুমা বলেন, হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও খুনি, পরিকল্পনাকারী ও মদদদাতারা কারা সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সরকারের বক্তব্যে আমরা সন্তুষ্ট নই।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয়নি। এই সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারের থাকার কোনো প্রয়োজন নেই।

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রসঙ্গ টেনে বলেন, আপনি যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে বলতে হবে কে বা কারা এই হত্যার তদন্তে বাধা দিয়েছে। পুরো ঘটনা পরিষ্কার না করে কোথাও যাওয়ার সুযোগ নেই।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, এত বড় একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো আমরা আপনার মুখে শুনিনি। নির্বাচন দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণেই আজ হাদি ভাইয়ের রক্ত ঝরেছে। প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

হত্যার সঙ্গে জড়িত খুনি ও মদদদাতাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দুপুর ৩টায় ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিলের কর্মসূচির কথাও জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪