| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংগ্রামী নারী নন্দিতা মল্লিকের জীবনের গল্প

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৭:২৬:১০:অপরাহ্ন  |  ১০৭৬৪২৩ বার পঠিত
সংগ্রামী নারী নন্দিতা মল্লিকের জীবনের গল্প

অভয়নগর (যশোর): জীবন সংগ্রামী না হলে মানুষ ব্যাধি হয়ে বাঁচে—কবি সমর চক্রবর্তীর কবিতার লাইনের মতোই নন্দিতা মল্লিকের জীবন। নন্দিতা মল্লিকের জীবনে শুরু থেকেই প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে আজ তিনি জয়ী—একজন সফল নারী।

বলছি যশোর জেলার অভয়নগর থানার সড়াডাঙ্গা গ্রামের সঞ্চয় ও বিউটি দম্পতির মেয়ে নন্দিতা মল্লিকের জীবনের সংগ্রাম ও সফলতার কথা। সোমবার (২২ ডিসেম্বর) নন্দিতা মল্লিকের বাড়িতে গিয়ে তার সংগ্রামী জীবন নিয়ে কথা হয়।

নন্দিতা মল্লিক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সংগীতে মাস্টার্স পাস করে বর্তমানে তিনি খুলনা বেতারের রবীন্দ্রসংগীত শিল্পী। বিবাহিত জীবনের শুরুতেই তিনি অমানবিক নির্যাতনের মুখোমুখি হন। প্রতিটি দিন যেন এক নতুন দুঃখের অধ্যায়। গান গাওয়া থেকে বিরত রাখা, শিক্ষার পথে বাধা, শারীরিক ও মানসিক যন্ত্রণা—সবই ছিল তার নিত্যসঙ্গী। ঘরের কোণে নিঃশব্দে কাঁদা, রাতের অন্ধকারে আতঙ্ক—এসব স্মৃতি এখনো তার চোখে অশ্রুর স্রোত বয়ে আনে।

তবে দেহ ও মনে অজস্র ক্ষতের মাঝেও নন্দিতার সাহস এক নতুন জীবনের দরজা খুলে দেয়। মাত্র দেড় বছরের বিবাহিত জীবনের পর তিনি বাবার বাড়িতে ফিরতে বাধ্য হন। কিন্তু সেই নিপীড়নের আঘাত তাকে ভেঙে দিতে পারেনি; বরং তা তাকে আরও দৃঢ়, স্বাধীন ও অটল করে তুলেছে। প্রতিটি ক্ষত, প্রতিটি রাতের নিঃশব্দ কান্না আজ তার সাহসের গল্প বলে।

নন্দিতা কিশোর-কিশোরী ক্লাব, নড়াইল কালেক্টরেট স্কুল এবং ব্র্যাক প্রকল্পে দীর্ঘদিন কাজ করেছেন। সংগীত ও শিক্ষার মাধ্যমে তিনি কেবল নিজেকে পুনর্গঠন করেননি, অন্যদের জন্যও পথ দেখিয়েছেন। তার চোখে আজও প্রতিটি শিক্ষার্থী তার জীবনের সংগ্রামের প্রতিফলন দেখতে পায়।

২০২৫ সালে অভয়নগর উপজেলার অদম্য নারী হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি শিক্ষা জীবনেও তিনি ছোট-বড় বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন।

বর্তমানে তিনি মুক্তেশ্বরী সংগীত নিকেতন ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষিকা। তার কণ্ঠে এখন নতুন সুর, তার চোখে নতুন আলো। তিনি শিক্ষার্থীদের শুধু গানই শেখান না; জীবনের সংগ্রাম, সাহস ও মানবিক মূল্যবোধের পাঠও দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪