| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ২০:৩৪:২৪:অপরাহ্ন  |  ১০৯৪৮৮৭ বার পঠিত
২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন চলাচলের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনের যাত্রা এক দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি চাহিদার ভিত্তিতে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হচ্ছে।

ট্রেনগুলোর যাত্রা এক দিনের জন্য স্থগিত রাখায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিএনপির চাহিদার ভিত্তিতে কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

এ ছাড়া নিয়মিত চলাচলকারী ট্রেনগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের মাধ্যমে রেলওয়ের প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে বিএনপির নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪