| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্বাচলে সংবর্ধনার প্রস্তুতি, তারেক রহমানের ফেরা নিয়ে বিএনপির ব্যস্ততা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ২১:১৬:৫১:অপরাহ্ন  |  ১০৯৫৮৪৯ বার পঠিত
পূর্বাচলে সংবর্ধনার প্রস্তুতি, তারেক রহমানের ফেরা নিয়ে বিএনপির ব্যস্ততা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সোমবার (২২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে প্রস্তুতির অগ্রগতি দেখা গেছে।

রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কের কুলির মোড় এলাকা থেকে কিছুটা দূরে সড়কের উত্তর পাশে বাঁশের মঞ্চ নির্মাণ করা হচ্ছে। দক্ষিণমুখী এ মঞ্চে ইতোমধ্যে কাঠের পাটাতন বসানো হয়েছে। মঞ্চের দুই পাশে তাবু স্থাপন করা হয়েছে, যেখানে ডেকোরেটরের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। পাশাপাশি সড়কের ল্যাম্প পোস্টে মাইক স্থাপন করা হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর)বিকাল থেকেই মঞ্চের আশপাশে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কেউ আয়োজনের কাজ তদারক করছেন, কেউবা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দলের শীর্ষ পর্যায়ের নেতারাও সরেজমিনে এসে প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলটির একাধিক নেতা মঞ্চ এলাকা পরিদর্শন করেন।

এ সময় মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, মঞ্চ তৈরি, মাইক স্থাপনসহ ডেকোরেশনের কাজ চলছে। আমরা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের নেতাকর্মীরা দিনরাত এখানে কাজ করছে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে পুরো দেশই এক ধরনের শঙ্কার মধ্যে আছে। যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, আমরা তা করার চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অসহযোগিতা নেই।

সমাবেশে লোকসমাগম প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করিনি। তবে যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে জড়ো হয়, সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ঘিরে মানুষের মধ্যে একটি জাগরণ রয়েছে সেটারই প্রতিফলন ঘটবে।

আয়োজন ঘিরে পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবর্ধনাস্থলের আশপাশে চেকপোস্ট বসানো হয়েছে। সোমবার অন্তত ৩০ জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট জোনের ইন্সপেক্টর টি এম আব্দুর রহমান বলেন, এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

দলের এক সিনিয়র দায়িত্বশীল নেতা জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তারেক রহমান দেশে পৌঁছে সরাসরি সংবর্ধনা মঞ্চে যেতে পারেন। সেখান থেকে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানে নানা আয়োজন থাকবে। পুরো শিডিউল চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।

দলীয় সূত্র জানিয়েছে, সরকারি ও দলীয় ব্যবস্থাপনায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মূল মঞ্চ, গণমাধ্যমকর্মীদের অবস্থান ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো আলাদা নিরাপত্তা বলয়ের আওতায় থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪