| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে: সিইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:০১:৫৬:পূর্বাহ্ন  |  ৩২৪৮৭৭ বার পঠিত
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,  নির্বাচন ব্যবস্থার প্রতি যে অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে আমরা একটি সঠিক ও সুন্দর নির্বাচন দিতে সক্ষম। এবং এটি কেবল আইনের শাসন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে সম্ভব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা দেখাতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে যদি আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকব।

সিইসি আরও বলেন, বিগত নির্বাচনের সমালোচনার পরও আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি বা ম্যানেজড ইলেকশন আয়োজন করেছি। আমরা সেই অপবাদ থেকে মুক্তি চাই। মাঠ পর্যায়ে আপনারাই যারা সরকার ও সিস্টেমকে সচল রাখেন, দায়িত্ব পালন করবেন।

তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জোগাতে বলেন, আপনারা যখন বুক ফুলিয়ে আমার সাহস দেবেন, আমি তখন আরও সাহসী হব। আইনের প্রতিষ্ঠার জন্য যে পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনার পাশে থাকবে। আমাকে খুশি করার দরকার নেই। আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করতে হবে। সিস্টেম যাতে ঠিকমতো কার্যকর হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই।

সিইসি শেষ করেন, কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেই দিকটি কঠোরভাবে নজরে রাখতে হবে। আপনাদের সাহসী পদক্ষেপ ও দায়িত্বশীল আচরণই নিশ্চিত করবে দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪