স্পোর্টস ডেস্ক: নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানে হেরে মাঠে নতুন অভিজ্ঞতার স্বাদ পেয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা মাত্র ১০৯ রানে অলআউট হয়।
নোয়াখালী উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে যায়। প্রথম দুই উইকেট পড়ার পর অধিনায়ক সৈকত আলীও মাত্র ৪ রান করে আউট হন। মাজ সাদাকাত ও হায়দার আলী ৩২ রানের জুটি গড়লেও পরের বলেই সাদাকাত ফেরেন। দলের বাকি ব্যাটসম্যানও বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ৬৫ রানের ব্যবধানে পরাজয় এড়িয়ে যায়নি।
চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। শরিফুল, মুকিদুল ও মাহেদি ২টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত নোয়াখালীকে ১০৯ রানে আটকে রাখে রয়্যালস।
এর আগে, টস জিতে ব্যাটিং করা চট্টগ্রাম রয়্যালস ১৭৫ রানের বড় সংগ্রহ গড়ে। ওপেনার মির্জা বাইগ ৮০ রানে দলের বড় স্কোর যোগ করেন। মাহফিজুল ইসলাম ও মাহমুদুল হাসান সংক্ষিপ্ত ইনিংস খেললেও দলের রান যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দিনের প্রথম ম্যাচে এই মাঠেই ১৯১ রান তাড়া করে সিলেটকে হারায় রাজশাহী। উদ্বোধনী ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে স্বাগতিক সিলেট টাইটান্স। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ইনিংসেই বড় সংগ্রহ পায় তারা। বাঁহাতি এই ব্যাটার ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন। তার বিধ্বংসী ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। রনি তালুকদার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৪ বলে ৪ চারে ৪১ রান করেন। সাইম আইয়ুব ২৮ ও আফিফ হোসেন ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন। রাজশাহীর পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সন্দীপ লামিচানে। ৩৮ রানে দুটি উইকেট নেন তিনি।
জবাবে আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে রাজশাহী। ৬২ রানের মধ্যে তানজিদ হাসান (১০) ও ওপেনার সাহেবজাদা ফারহান (২০) ফিরলেও হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অসাধারণ সেঞ্চুরিতে ভর করেই জয়ের পথ খুঁজে নেয় তারা। ২ উইকেট হারিয়েই ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছেছে।
শান্ত ৬০ বলে অপরাজিত ১০১ রান করেন। তার বিস্ফোরক ইনিংসে ছিল ১০টি চার ও পাঁচটি ছক্কার মার। শান্তকে দারুণ সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে অপরাজিত ৫১ রানে দলের জয় নিশ্চিত করেন তিনি। দু’জনের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতেই সহজ জয় পায় রাজশাহী।
রিপোর্টার্স২৪/বাবি