স্টাফ রিপোর্টার: যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে রক্ষায় মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান সভা পরিচালনা করেন। এ সময় সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন খানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় দেশের মার্শাল আর্টের উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ‘মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট’ আয়োজন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
এ ছাড়া আগামী ২ থেকে ৮ ডিসেম্বর তুরস্কে অনুষ্ঠিতব্য গামা বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ থেকে ১২ ডিসেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় ‘দক্ষিণ এশীয় সাম্বো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টিও অনুমোদন করা হয়।
সভাপতি ইশরাক হোসেন বলেন, খেলাধুলা ও মার্শাল আর্টের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগ্রত করা সম্ভব। বিশেষ করে নারীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষায় সক্ষম করে তোলা, তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা যায়।
সাধারণ সম্পাদক মাহফুজ হাসান বলেন, মার্শাল আর্টের কার্যক্রম শুধু ঢাকা কিংবা বিভাগীয় শহরকেন্দ্রিক রাখলে চলবে না। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ ও কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করে একটি সুসংগঠিত মার্শাল আর্ট আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্য বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত সদস্যরা দেশের মার্শাল আর্টের সার্বিক উন্নয়ন, নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব