স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে আলো কাড়লেন তনিমা বিশ্বাস। মাঝমাঠ থেকে নেওয়া দুর্দান্ত এক শট ও দ্বিতীয়ার্ধে নিখুঁত ফিনিশিংয়ে করা আরেকটি গোলেই বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে এবারের লিগে দারুণ সূচনা করল বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উইমেন’স ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে ২-০ গোলে পরাজিত করে সেনাবাহিনী। এক মৌসুম পর ফিরে আসা নারী লিগের প্রথম ম্যাচেই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেন সেনাবাহিনীর মিডফিল্ডার তনিমা বিশ্বাস।
প্রথমার্ধের শেষ ভাগে ম্যাচ যখন অনেকটাই নিস্তেজ, ঠিক তখনই দেখা যায় দারুণ এক মুহূর্ত। মাঝমাঠের একটু সামনে থেকে আচমকা বল তুলে শট নেন তনিমা। শটে গতি যেমন ছিল, তেমনি ছিল নিখুঁত উচ্চতা। পুলিশ গোলরক্ষক তাসলিমা লাফিয়েও বলের নাগাল পাননি। বল গ্লাভস ছুঁয়ে জালে গিয়ে থামে। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সেনাবাহিনী শিবির।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে পুলিশ এফসি। সানজিদা, আইরিন ও সাগরিকার মতো সাফজয়ী অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আক্রমণ সাজালেও সেনাবাহিনীর রক্ষণ ভাঙা সহজ হয়নি। ৫৬ মিনিটে সাবিনা খাতুন রুবির এক চিপ শট বিপদ তৈরি করলেও ডিফেন্ডার রুমা আক্তারের দ্রুততায় রক্ষা পায় সেনাবাহিনী।
ম্যাচের ৭০ মিনিটে আসে দ্বিতীয় গোল। কাউন্টার অ্যাটাকে সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন তনিমা। কঠিন কোণ থেকে নেওয়া তার শট দূরের পোস্টে লেগে জালে ঢুকে যায়। নিজের দ্বিতীয় গোলের পর রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনে দর্শকদের বাড়তি বিনোদন দেন তিনি।
শৈত্যপ্রবাহের মধ্যে ফ্লাডলাইটের আলোয় হওয়া ম্যাচটি উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক দর্শক। এবারের নারী ফুটবল লিগে নতুন চার দলসহ অংশ নিচ্ছে মোট ১১টি দল। দীর্ঘ অচলাবস্থার পর মাঠে ফেরা এই লিগে চ্যাম্পিয়ন দল পাবে ৪ লাখ টাকা প্রাইজমানি।
প্রথম ম্যাচেই সেনাবাহিনীর এই জয় জানিয়ে দিল, দলটি এবার শুধু অংশ নিতে নয়, শিরোপার লড়াইয়েও থাকতে এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব