রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের হকিতে নারীদের অংশগ্রহণ কেবল খেলোয়াড় সীমিত নেই, আম্পায়ারিং ক্ষেত্রেও আগ্রহ বাড়ছে। ২০১৮ সালে আয়েশা পারভীন মহুয়া দেশের প্রথম নারী হকি আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন অংশ নেওয়া ২২ জনের মধ্যে তিনি একমাত্র নারী ছিলেন।
গত অর্ধযুগে সেই সংখ্যা বেড়ে বর্তমানে ৭ জন। ২০২৪ সালে আয়োজিত কোর্স সম্পন্ন করে ৫ জন নারী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন জেসমিন আরাফাত জেসি, কিমি কর্মকার, জান্নাতুল ফেরদৌস আশা, তানিয়া আক্তার ও অনন্যা বিশ্বাস। তবে তাদের গ্রেড এখনো ফেডারেশনের নির্বাহী কমিটি নির্ধারণ করবেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের আম্পায়ার্স বোর্ডের সম্পাদক কামরুল ইসলাম কিসমত জানিয়েছেন, ‘এদের মধ্যে অনন্ত তিন জন খুবই ভালো পারফরম্যান্স করেছেন। গ্রেড নির্ধারণের পর নতুন কোর্সের পরিকল্পনা করা হবে। এখন আন্তর্জাতিক ম্যাচেও পুরুষ ও নারী মিলিতভাবে আম্পায়ারিং করছেন।’
দেশের প্রথম নারী হকি আম্পায়ার আয়েশা পারভীন মহুয়া জানান, ‘আমার বাচ্চা ছোট হওয়ায় কিছুদিন মাঠে যেতে পারিনি। বাচ্চা বড় হলে আবার আম্পায়ারিং শুরু করবো। নতুন আরও ৬ জন নারী আম্পায়ার হওয়ায় ভালো লাগছে।’
ফেডারেশন নারী আম্পায়ারদের আরও ম্যাচ পরিচালনার সুযোগ দিয়ে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা করছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা