রিপোর্টার্স২৪ ডেস্ক: কিডনি বিকল মানেই ডায়ালিসিস বা প্রতিস্থাপনের ঝুঁকি—এমন বাস্তবতায় নতুন আশার কথা শোনাচ্ছেন গবেষকেরা। হার্ভার্ড স্টেম সেল ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি, স্টেম সেল থেরাপির মাধ্যমে ভবিষ্যতে কিডনির জটিল ও দীর্ঘমেয়াদি রোগ ডায়ালিসিস ছাড়াই নিয়ন্ত্রণ বা নিরাময় করা সম্ভব হতে পারে।
কিডনি রোগকে বিশ্বজুড়ে অন্যতম প্রাণঘাতী অসুখ হিসেবে ধরা হয়। একবার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা আর স্বাভাবিক অবস্থায় ফেরানো প্রায় অসম্ভব। ফলে রোগীকে আজীবন ডায়ালিসিস কিংবা ঝুঁকিপূর্ণ কিডনি প্রতিস্থাপনের পথে যেতে হয়।
এই প্রেক্ষাপটে স্টেম সেল থেরাপি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে হার্ভার্ড স্টেম সেল ইনস্টিটিউট। গবেষকদের মতে, স্টেম কোষ এমন এক ধরনের কোষ, যাকে প্রয়োজনে শরীরের যেকোনো অঙ্গের কোষে রূপান্তর করা সম্ভব—কিডনির কোষও এর অন্তর্ভুক্ত।
গবেষণায় দেখা গেছে, দাতার শরীর থেকে সংগ্রহ করা সুস্থ স্টেম কোষকে ল্যাবরেটরিতে বিশেষ প্রক্রিয়ায় কিডনি কোষে রূপান্তর করা যায়। এরপর সেগুলো রোগীর শরীরে প্রতিস্থাপন করলে ক্ষতিগ্রস্ত কিডনি কোষের জায়গায় নতুন ও কার্যকর কোষ তৈরি হতে পারে। এর ফলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি কমার সম্ভাবনা রয়েছে।
গবেষকেরা দাবি করছেন, একই স্টেম সেল প্রযুক্তি ক্যানসারসহ একাধিক জটিল রোগের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। ক্রনিক কিডনি রোগের ক্ষেত্রেও এই পদ্ধতি কার্যকর হতে পারে বলে তারা মনে করছেন।
তবে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, এই চিকিৎসা এখনও গবেষণাধীন। বৃহৎ পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে তবেই চিকিৎসা হিসেবে এটি চালু করা সম্ভব হবে। বাস্তব প্রয়োগে আসতে আরও সময় লাগতে পারে। সূত্র: আনন্দবাজার
রিপোর্টার্স২৪/এসসি