স্টাফ রিপোর্টার: লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রত্যাবাসিত এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিমানবন্দরের ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’ থেকে আগতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে দালালদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে অনেকেই অপহরণ, নির্যাতন ও নানা ধরনের হয়রানির শিকার হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে যাতায়াত খরচ হিসেবে ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা দিয়েছে।
এদিকে, লিবিয়ায় আটক থাকা অবশিষ্ট বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি