আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর দেশটি এখন নেতৃত্বহীন ও অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় দেড় ঘণ্টার অভিযানে মাদুরোকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব কে হবেন, তা নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞরা আলোচনা শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্ব নিতে যাচ্ছে, তবে মাদুরোর স্থলাভিষিক্ত কে হবেন, তা স্পষ্ট করেননি।
সম্ভাব্য শীর্ষ নেতৃত্বপ্রার্থী
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ সম্ভাব্য কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করেছে, যারা অভ্যন্তরীণভাবে বা মার্কিন সহায়তায় ক্ষমতা দখল করতে পারেন।
১. এডমুন্ডো গঞ্জালেস
বর্তমান বিরোধী দলের নেতা ৭৬ বছর বয়সী গনজালেসকে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যুক্তরাষ্ট্র নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি তখন স্পেনে আশ্রয় নেন। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর ওপর তার কোনো নিয়ন্ত্রণ না থাকায় সরাসরি ক্ষমতায় বসালে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
২. মারিয়া কোরিনা মাচাদো
২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো ২০২৩ সালে প্রেসিডেন্ট পদে জয়ী হন প্রাইমারিতে, তবে মাদুরো-নিয়ন্ত্রিত সুপ্রিম ট্রাইব্যুনাল তার প্রার্থীতা বাতিল করে। মাচাদো সম্প্রতি একটি ‘স্বাধীনতা ইশতেহার’ প্রকাশ করেছেন, যেখানে প্রথম ১০০ ঘণ্টা ও ১০০ দিনের জন্য সুস্পষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। বিশ্লেষকরা বলেন, সেনাবাহিনীর সমর্থন পাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ।
৩. ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তিনি অন্তর্বর্তী সরকার গঠন ও ৩০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকবেন। তবে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং জনগণ ও বিরোধীদের কাছে বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে।
৪. জর্জ রদ্রিগেজ
জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল সমন্বয়ক ছিলেন। ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের কোনো সমঝোতা হলে তিনি অন্তর্বর্তী নেতৃত্ব দিতে সক্ষম হতে পারেন।
৫. দিয়োসদাদো ক্যাবেলো
মাদুরোর ঘনিষ্ঠ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবেলো সেনাবাহিনীতে ব্যাপক প্রভাবশালী। যদিও নির্বাচনে জয়ের সম্ভাবনা কম, সেনা ও পুলিশের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে অস্থিরতা ঠেকাতে তার ক্ষমতা রয়েছে।
৬. ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ
২০১৪ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পাদ্রিনো লোপেজ। সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে তার ওপর। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা কম হলেও অন্তর্বর্তী নেতৃত্বের সম্ভাব্য দাবিদার হিসেবে তিনি গুরুত্বপূর্ণ।
শনিবার রাতে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,সবাই জানে, ভেনেজুয়েলার তেল ব্যবসা দীর্ঘদিন স্থবির। আমরা আমাদের বৃহৎ তেল কোম্পানিগুলোকে বিশ্বের যেকোনো জায়গায় কাজে লাগাতে যাচ্ছি। কোটি কোটি ডলার ব্যয় করে দেশটির জন্য টাকা উপার্জন করবো। ভেনেজুয়েলার নিরাপদ রূপান্তর নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সক্রিয়ভাবে দেশটির দায়িত্ব নিচ্ছি।
বিশ্লেষকরা মনে করেন, মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলায় রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা অল্প সময়ের মধ্যে বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দেশটির অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকেও প্রভাবিত করবে।
রিপোর্টার্স২৪/এসসি