| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৩:৫২:২২:অপরাহ্ন  |  ৮৩৮৯০৭ বার পঠিত
ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় ‘নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর’ না হওয়া পর্যন্ত দেশটির শাসনভার যুক্তরাষ্ট্র পরিচালনা করবে।

রোববার (৪ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোরে পরিচালিত ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কারাকাসের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অভিযানের একপর্যায়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে হেলিকপ্টারে করে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে নেওয়া হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দেশটি চালাবো যতদিন না সেখানে নিরাপদ, যথাযথ ও বিচারসম্মত একটি ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়।’ তিনি আরও বলেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনেও তিনি দ্বিধা করবেন না।

মাদুরোকে শনিবার রাতে নিউইয়র্কের কাছে নামিয়ে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ একাধিক ফেডারেল অভিযোগে অভিযুক্ত মাদুরোকে সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে তোলা হতে পারে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ কাজে লাগাতে দেশটির তেল খাতে আবারও বড় মার্কিন কোম্পানিগুলোকে ফিরিয়ে আনা হবে। তার ভাষায়, এই তেল থেকেই যুক্তরাষ্ট্রের ব্যয় মেটানো হবে।

অন্যদিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেন। একপর্যায়ে দেশটির একটি আদালত তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয়।

এই অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনাটিকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন। রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।

ভেনেজুয়েলায় পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও বিভিন্ন এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে। দেশটির ভেতরে যেমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ভেনেজুয়েলান অভিবাসীদের একাংশ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।- রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪