| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঠ্যবইয়ের ৮৪.৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন: এনসিটিবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:৫২:৫২:অপরাহ্ন  |  77418 বার পঠিত
পাঠ্যবইয়ের ৮৪.৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন: এনসিটিবি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের ৮৪ দশমিক ৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান।

এনসিটিবি জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই সরবরাহের গড় অগ্রগতি ৮৪ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে।

এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৮৮০টি পাঠ্যপুস্তক শতভাগ মুদ্রণ শেষে মহান বিজয় দিবসের আগেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে ১ জানুয়ারি প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচটি ভাষায় মুদ্রিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়েছে।

ইবতেদায়ি ও ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রমও প্রায় শতভাগের কাছাকাছি রয়েছে, যা খুব শিগগিরই পুরোপুরি সম্পন্ন হবে বলে জানায় এনসিটিবি।

এদিকে মাধ্যমিক (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪টি পাঠ্যপুস্তকের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এসব স্তরের ৮৮ দশমিক ৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১ দশমিক ৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে মোট ৭৮ দশমিক ৬৯ শতাংশ বই।

শ্রেণিভিত্তিক সরবরাহের অগ্রগতিতে দেখা যায়—ইবতেদায়ি স্তরে ৯৬ দশমিক ১৬ শতাংশ, নবম শ্রেণিতে ৮৭ দশমিক ৯৬ শতাংশ, ষষ্ঠ শ্রেণিতে ৮৫ দশমিক ৬১ শতাংশ, সপ্তম শ্রেণিতে ৬৮ দশমিক ৬৯ শতাংশ এবং অষ্টম শ্রেণিতে ৫৪ দশমিক ৭৬ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে।

সব শিক্ষার্থীর জন্য পাঠ্যপুস্তকের অনলাইন সুবিধা নিশ্চিত করতে এনসিটিবির ওয়েবসাইটে মোট ৬৪৭টি পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ গত ২৮ ডিসেম্বর আপলোড করা হয়েছে।

এনসিটিবি আরও জানায়, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও সঠিক পরিকল্পনা ও নিবিড় তদারকির ফলে আগামী ১৫ জানুয়ারির মধ্যেই মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সব বই সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪