| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনওর সহায়তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ২০:৪৭:২৫:অপরাহ্ন  |  ২৪৪ বার পঠিত
উজিরপুরে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনওর সহায়তা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে মোশাররফ সিকদার (৬০) নামে এক ব্যক্তির বসতঘর। এ ঘটনায় রান্নাঘর, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াকাঠী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোশাররফ সিকদার ওই গ্রামের মৃত মৌজে আলী সিকদারের ছেলে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন সিকদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদ, সদস্য জিএম আকাশ এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজন।

ইউএনও মো. আলী সুজা বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন সিকদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সর্বস্ব হারিয়েছে। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তিনি বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্টদের পরিবারটির সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪