স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তাঁর মতে, খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খালেদ মাসুদ বলেন,একদম সঠিক সিদ্ধান্ত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি, যদি কোনো খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকা মোস্তাফিজুর রহমানকে গত পরশু ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। সেই নির্দেশ কার্যকর হওয়ায় চলতি মৌসুমে আইপিএলে খেলতে পারছেন না এই বাংলাদেশি পেসার।
এই ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়।
খালেদ মাসুদ বলেন,খেলার মধ্যে রাজনীতি আসা উচিত নয়। ক্রিকেটের জায়গায় ক্রিকেটই থাকা দরকার। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য তৈরি করে।
তবে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজকে পারফরম্যান্সের কারণে নয়, বরং অযৌক্তিক কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য অপমানজনক।
তিনি বলেন,যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, কিন্তু আমাদের একজন নাগরিককে যদি অপমান করা হয়, সেটা এড়িয়ে যাওয়াই ভালো।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে খালেদ মাসুদ বলেন,যখন মোস্তাফিজকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি, তখন বোর্ড সেটিকে নিরাপদ মনে করেনি এটাই স্বাভাবিক।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিষয়টির সমাধান সম্ভব, তবে বাংলাদেশকে নিজের অবস্থানে দৃঢ় থাকতে হবে। আইসিসির মাধ্যমে এ সমস্যার সুরাহা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে খালেদ মাসুদ বলেন,এখানে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজনীতিবিদদের এই জায়গা থেকে সরে আসা উচিত। বিশেষ করে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটি মোটেও ভালো দৃষ্টান্ত নয়।
আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিসিসিআইয়ের প্রভাবের কারণে অনেক সময় ন্যায্যতা পাওয়া যায় না এ অভিজ্ঞতা তাঁর খেলোয়াড় জীবনেও রয়েছে।
প্রসঙ্গত, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলোও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
রিপোর্টার্স২৪/এসসি