| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় নেইমার

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ০০:৪৪:০৭:পূর্বাহ্ন  |  ১৬৭৬ বার পঠিত
পেলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় অনেক আগেই কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গেছেন নেইমার জুনিয়র। এবার ‘ফুটবলের রাজা’র আরও একটি অনন্য কীর্তিতে ভাগ বসানোর সামনে দাঁড়িয়ে আছেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের। এই ম্যাচে গোল করতে পারলে পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চারটি পৃথক বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়বেন তিনি।

ব্রাজিলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি পেলে। তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করেছিলেন। এর মধ্যে ১৯৬৬ সাল ছাড়া বাকি তিন আসরেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

অন্যদিকে নেইমার ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে পেলের পাশে নিজের নামও লিখিয়ে ফেলবেন এই সান্তোস তারকা।

চোটের কারণে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচ—মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই তার টুর্নামেন্টে অভিষেক হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। নকআউট পর্বের জন্য দলের সবচেয়ে বড় তারকাকে শতভাগ ফিট রাখাই তার মূল লক্ষ্য।

স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের স্মৃতিও সুখকর। ২০১১ সালে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

সেই ম্যাচে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডি-বক্সের কোণা থেকে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধে স্কটিশ মিডফিল্ডার চার্লি অ্যাডামের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১১ সালের সেই ম্যাচে নেইমারের বয়স ছিল মাত্র ১৯ বছর। তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে খেলা সেই ব্রাজিল দলের একমাত্র সদস্য হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলছেন তিনি। তার সেই সময়ের প্রায় সব সতীর্থই ইতোমধ্যে অবসর নিয়েছেন অথবা জাতীয় দলের বাইরে চলে গেছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যানও দারুণ। দুই দলের ১০টি আন্তর্জাতিক ম্যাচের একটিতেও হারেনি সেলেসাওরা। এর মধ্যে আটটিতে জয় পেয়েছে ব্রাজিল এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের এই ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু শীর্ষস্থান নিশ্চিত করার লড়াই নয়, বরং নেইমারের প্রত্যাবর্তন এবং নতুন এক ইতিহাসের সম্ভাবনাও বয়ে আনছে।

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের জন্য নেইমারের ফেরা হতে পারে নকআউট অভিযানের সবচেয়ে বড় শক্তির উৎস। আর স্কটল্যান্ডের বিপক্ষে গোল পেলে সেই প্রত্যাবর্তন আরও স্মরণীয় হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪