| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডাকে ২-১ এ হারিয়ে গ্রুপসেরা সুইজারল্যান্ড

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ০৪:০৭:০৬:পূর্বাহ্ন  |  ১৫৯৭ বার পঠিত
কানাডাকে ২-১ এ হারিয়ে গ্রুপসেরা সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সহ-আয়োজক হওয়ার সুবাদে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নকআউট পর্বেও কানাডায় খেলার সুযোগ ছিল কানাডার সামনে। তবে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলের হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে জেসি মার্শের দলের।

মঙ্গলবার ভ্যাঙ্কুভারের বিসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড। এই জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে মুরাত ইয়াকিনের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রুবিন ভার্গাস সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ৫৭তম মিনিটে জোহান মানজাম্বির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোর ভুলে সহজেই জালে জড়িয়ে যায় সেই শট।

ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করে কানাডাকে ম্যাচে ফেরার আশা দেখান প্রমিস ডেভিড। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরার গুরুত্বপূর্ণ গোলটি আর আদায় করতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী ২ জুলাই ভ্যাঙ্কুভারে শেষ ৩২-এর ম্যাচে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটির মুখোমুখি হবে।

অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠলেও কানাডাকে এবার দেশের বাইরে খেলতে হবে। আগামী রোববার লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে সোফাই স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় স্থানের জন্য এখনও লড়াইয়ে রয়েছে চেকিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের আগে কানাডার সামনে সমীকরণ ছিল সহজ—ড্র করলেই গ্রুপসেরা হয়ে নকআউট পর্বের ম্যাচগুলো নিজেদের মাটিতেই খেলার সুযোগ পেত তারা। এমনকি শেষ ষোলোর ম্যাচেও ঘরের মাঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল।

তবে পুরো ম্যাচজুড়েই সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলকে তেমন পরীক্ষা নিতে পারেনি কানাডার আক্রমণভাগ। প্রমিস ডেভিডের গোলের আগে সুইস রক্ষণভাগের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করতেও ব্যর্থ হয় তারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কানাডার চেয়ে ১১ ধাপ এগিয়ে থাকা সুইজারল্যান্ড শেষ পর্যন্ত নিজেদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে জয় তুলে নেয় এবং গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে।

তবে পরাজয়ের মধ্যেও ইতিবাচক দিক রয়েছে কানাডার জন্য। ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। একই সঙ্গে এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়েছে তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪