| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুমি ইতিমধ্যেই বিজয়ী: নেইমারকে মায়ের বার্তা

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ০২:৩৯:২৭:পূর্বাহ্ন  |  ১৬৭২ বার পঠিত
তুমি ইতিমধ্যেই বিজয়ী: নেইমারকে মায়ের বার্তা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র।

দীর্ঘ চোট কাটিয়ে ছেলের সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন একটি বার্তা শেয়ার করেছেন নেইমারের মা নাদিন গনকালভেস।

ভিডিও বার্তায় তিনি বলেন, আজ সেই দিন, যেটির জন্য তুমি অপেক্ষা করছিলে। শুধু তুমি নও, যারা তোমাকে ভালোবাসে এবং তোমার জন্য শুভকামনা জানায়, তারাও এই মুহূর্তের অপেক্ষায় ছিল।

ছেলের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ ও সুরক্ষা কামনা করে তিনি আরও বলেন, ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ করেন এবং সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করেন। তুমি যেন তার ভালোবাসা অনুভব করতে পারো এবং তার ফেরেশতারা যেন মাঠে তোমার প্রতিটি পদক্ষেপে পাশে থাকে।

নাদিন গনকালভেস তার বার্তায় ছেলেকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শও দেন। তিনি বলেন, জেনে রেখো, তুমি ইতোমধ্যেই একজন বিজয়ী। ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে—তবে আমাদের ইচ্ছামতো নয়, বরং তার নির্ধারিত সঠিক সময়ে। তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে।

শেষে তিনি ছেলের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন।

২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে শুরু থেকেই ছিলেন নেইমার। তবে টুর্নামেন্ট শুরুর আগে পায়ের পেশিতে চোট পাওয়ায় মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।

চোট কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ এই তারকা ফরোয়ার্ড। যদিও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর ধারণা, স্কটল্যান্ডের বিপক্ষে তিনি শুরুর একাদশে নাও থাকতে পারেন। তবে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা বেশ জোরালো।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে নেইমার মাঠে নামলে সেটিই হবে এবারের বিশ্বকাপে তার প্রথম উপস্থিতি। একই সঙ্গে ব্রাজিল সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষারও অবসান ঘটবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪