জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় জয় পেয়েছেন। ২১টি কেন্দ্রীয় পদের মধ্যে ১৬টিতে বিজয়ী হয়েছেন তারা। বিশেষভাবে, ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পদগুলোতে বিপুল ভোটে জয় লাভ করেছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, তার এই বিজয় তিনি জুলাই বিপ্লবের শহীদ, সহযোদ্ধা শিক্ষার্থী এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন। তিনি সকল শিক্ষক, কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান, যারা নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেছেন।
রিয়াজুল ইসলাম আরও বলেন, নির্বাচিত হওয়ায় পরিচয় বদলানো হয়নি; শিক্ষক-ছাত্র, বন্ধু-বান্ধব ও ভাইবোনের সম্পর্ক অটুট রাখবেন এবং সকল পরামর্শকে কাজে লাগাবেন। তিনি ক্যাম্পাসে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা – এ শ্লোগানকে সামনে রেখে ভবিষ্যতে কাজ চালানো হবে।
জয় উদযাপন উপলক্ষে শিবিরের নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদে শুকরিয়ার নামাজ ও মোনাজাতে অংশ নেন। মোনাজায় অংশগ্রহণকারীরা বিজয় উদযাপন ও ভবিষ্যৎ কর্মযোজনায় একত্রে দোয়া করেন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীর কল্যাণ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে দেশের অন্যান্য শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫ পদের মধ্যে ২০টিতে, ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬টির মধ্যে ২৪টিতে জয় পেয়েছে তারা।
রিপোর্টার্স২৪/বাবি