স্পোর্টস ডেস্ক: বিপিএলের অভিষিক্ত দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য হার যেন পিছুই ছাড়ছে না। প্রথম পাঁচ ম্যাচের পর ষষ্ঠ ম্যাচেও ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটের হারে টানা ষষ্ঠ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল নোয়াখালী।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা ছিল ধীর কিন্তু পরিকল্পিত। ওপেনার তানজিদ তামিম ও মোহাম্মদ ওয়াসিম উইকেট বাঁচিয়ে খেলেন। তৃতীয় ওভারে ওয়াসিমের ব্যাটে ২২ রান এলে ইনিংসে গতি আসে। ৪৭ রানের ওপেনিং জুটি ভাঙে পঞ্চম ওভারে, তানজিদ বোল্ড হন মেহেদি হাসান রানার বলে।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন। তবে এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচ ঘুরিয়ে দেন মোহাম্মদ ওয়াসিম। ৩৫ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংসে (৪ চার ও ৪ ছক্কা) রাজশাহীর জয় সহজ করে দেন তিনি। শেষদিকে মুশফিকুর রহিম ও রায়ান বার্লের ১৯ রানের ইনিংসে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদি হাসান রানা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নোয়াখালীর শুরুটা ভালোই ছিল। সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দিপুর ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। সৌম্য ৪৩ বলে করেন ৫৯ রান, দিপু যোগ করেন ৩০। শেষদিকে মোহাম্মদ নবীর কার্যকর ৩৫ রানে ভর করে নোয়াখালী তোলে ৫ উইকেটে ১৫১ রান। রাজশাহীর বোলিংয়ে দুটি উইকেট নেন রিপন মন্ডল।
সংক্ষিপ্ত স্কোর:
নোয়াখালী এক্সপ্রেস- ২০ ওভারে ১৫১/৫ (সৌম্য ৫৯, নবী ৩৫, শাহাদাত ৩০; রিপন ২/২৭, নাজমুল ১/১)।
রাজশাহী ওয়ারিয়র্স- ১৯ ওভারে ১৫২/৬ (ওয়াসিম ৬০, তানজিদ ২১, বার্ল ১৯*; মেহেদী ৩/২৫, নবী ১/২৬)।
ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মুহাম্মদ ওয়াসিম।
রিপোর্টার্স২৪/বাবি