স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি হলো না, কিন্তু ইতিহাস ঠিকই গড়া হলো। শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০-এর বেশি রান তাড়া করে ভারতের জয়ের নায়ক হয়ে পুরোনো এক দুঃস্বপ্নও মুছে দিলেন তিনি।
২০১০ সালের ডিসেম্বরে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। সেটিই ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একমাত্র ৩০০-প্লাস রান তাড়া করে জয়ের ম্যাচ। ১৫ বছর পর সেই স্মৃতি ফিরিয়ে এনে বরোদরায় আবারও ৩০০ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জয় পেল ভারত—এবার কোহলির ব্যাটে ভর করেই।
বরোদরায় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৮ উইকেটে তোলে ঠিক ৩০০ রান। ডেভন কনওয়ে (৫৬), হেনরি নিকোলস (৬২) ও ড্যারিল মিচেলের (৮৪) ফিফটিতে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। ভারতের হয়ে বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ না থাকলেও সিরাজ, কৃষ্ণা ও রানা সমানতালে উইকেট নেন।
রান তাড়ায় ভারত শুরুতেই ধাক্কা খায়। ৩৯ রানে ২৬ রান করা রোহিত শর্মা ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর অধিনায়ক শুবমান গিলকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। দ্বিতীয় উইকেটে দুজনের ১১৮ রানের জুটিতে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। গিল ৭১ বলে ৫৬ রান করে আউট হলেও কোহলি ছিলেন অবিচল।
এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৭৭ রানের কার্যকর জুটি গড়েন কোহলি। একের পর এক নিখুঁত স্ট্রোক, মাঝের ওভারগুলোতে দায়িত্বশীল ব্যাটিং এবং প্রয়োজনের সময় বাউন্ডারিতে ম্যাচের রাশ নিজের হাতে রাখেন ভারতের সাবেক অধিনায়ক।
৯১ বলে ৯৩ রানে থামেন কোহলি। কাইল জেমিসনের বলে আরেকটি সেঞ্চুরির পথে থাকতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। সেঞ্চুরি না পেলেও ততক্ষণে নিজের নাম তুলে ফেলেছেন ইতিহাসের পাতায়।
২৫ রানে পৌঁছাতেই টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ৫৫৭ ম্যাচে ৬২৪ ইনিংসে এই কীর্তি গড়ে দ্রুততম ব্যাটসম্যানের স্বীকৃতি পান তিনি। শচীন টেন্ডুলকার যেখানে এই মাইলফলক ছুঁয়েছিলেন ৬৪৪ ইনিংসে, সেখানে সাঙ্গাকারার লেগেছিল ৬৬৬ ইনিংস।
এরপর ৪২ রানে পৌঁছে সাঙ্গাকারাকে (২৮,০১৬) ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে যান কোহলি। ম্যাচ শেষে তার মোট আন্তর্জাতিক রান দাঁড়ায় ২৮,০৬৮। তার ওপরে এখন শুধু শচীন টেন্ডুলকার, যার সংগ্রহ ৩৪,৩৫৭ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা এখন দাঁড়িয়েছে—
শচীন টেন্ডুলকার (৩৪,৩৫৭), বিরাট কোহলি (২৮,০৬৮), কুমার সাঙ্গাকারা (২৮,০১৬), রিকি পন্টিং (২৭,৪৮৩) ও মাহেলা জয়াবর্ধনে (২৫,৯৫৭)।
শেষ পর্যন্ত ভারত ৪৯ ওভারে ৬ উইকেটে ৩০৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে। কোহলির ৯৩ রানের ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। সে কারণেই সেঞ্চুরি না পেলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩০০/৮
ভারত: ৪৯ ওভারে ৩০৬/৬
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।
রিপোর্টার্স২৪/বাবি