| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে একই দিনে ঝরে গেল দুই শিশুর প্রাণ

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ২১:০০:৫৪:অপরাহ্ন  |  ২৪৮ বার পঠিত
জয়পুরহাটে একই দিনে ঝরে গেল দুই শিশুর প্রাণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের দুই উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় একই দিনে প্রাণ হারিয়েছে দুই শিশু। এর মধ্যে কালাই উপজেলায় পুকুরে ডুবে এবং পাঁচবিবি উপজেলায় পিকনিক বাসের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কালাই উপজেলার কালাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিমোহর গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে জোবায়ের (২) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল জোবায়ের। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, পাঁচবিবি উপজেলার দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় পিকনিক বাসের চাপায় হামিম (৩) নামে আরেক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হামিম ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান শুকানোর কাজে বাড়ি থেকে বের হন হামিমের বাবা। এ সময় বাবার পেছনে পেছনে সড়ক পার হওয়ার চেষ্টা করছিল শিশু হামিম। ঠিক তখনই পাঁচবিবির দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা পিকনিক বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই দিনে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪