সিনিয়র রিপোর্টার : রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সম্মুখে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) ও কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।
রোববার শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
শ্যামপুর থানা সূত্রে আরও জানা যায়, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ