স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই লেগের সেমিফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।
বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে ১-১ গোলে ড্র করে পিএসজি। তবে প্রথম লেগে পাওয়া অগ্রগতির কারণে সামগ্রিক ফলাফলে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে লুইস এনরিকের দল।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। মাত্র তৃতীয় মিনিটেই উসমান দেম্বেলের গোল সফরকারী দলকে এগিয়ে দেয়। খভিচা কাভারাতস্কেলিয়ার দারুণ পাস থেকে পাওয়া সুযোগ ঠান্ডা মাথায় কাজে লাগান দেম্বেলে।
গোল হজমের পর ম্যাচে ফিরে আসার চেষ্টা করে বায়ার্ন। তবে জামাল মুসিয়ালা ও হ্যারি কেইন একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। প্রথমার্ধে দারুণ কিছু আক্রমণ গড়লেও গোল পায়নি জার্মান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় বায়ার্ন। তবে পিএসজির রক্ষণভাগ ও গোলরক্ষক মাতভেই সাফোনভ দৃঢ় অবস্থান নিয়ে প্রতিটি আক্রমণ রুখে দেন। পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ফরাসিরা।
ম্যাচের একেবারে শেষ দিকে অতিরিক্ত সময়ে হ্যারি কেইন একটি গোল করলেও তা কেবল ব্যবধান কমায়, ম্যাচের ফল বদলাতে পারেনি। পুরো ম্যাচজুড়ে কিছু বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করে বায়ার্ন।
শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করে ফাইনালে উঠে যায় পিএসজি। এতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয় তারা।
আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব আর্সেনাল। অন্য সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে গানার্সরা।
রিপোর্টার্স২৪/বাবি