| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু ডিএমপ’র

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ০৪:৩৩:৪৩:পূর্বাহ্ন  |  ২৪৩ বার পঠিত
ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু ডিএমপ’র

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ উত্তীর্ণ, নম্বরবিহীন, ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে যানবাহন মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

ডিএমপি জানায়, মহানগরের বিভিন্ন সড়কে কিছু পুরোনো, ঝুঁকিপূর্ণ ও অনুমোদনবিহীন বাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে মারাত্মক যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নগরবাসীর নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপির তথ্যানুযায়ী, বিআরটিএ’র গেজেট অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারিত। নির্ধারিত সময়সীমা অতিক্রম করা যানবাহন সড়কে না চালানোর জন্য মালিক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে কেউ ইকোনমিক লাইফ উত্তীর্ণ, নম্বরবিহীন বা ঝুঁকিপূর্ণ যানবাহন চালালে তাদের বিরুদ্ধে জরিমানা, যানবাহন জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ এ অভিযান স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরিচালিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪