আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো কোনো আনুষ্ঠানিক জবাব নয় বলে জানিয়েছে বিসিবি।
সোমবার(১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি স্পষ্ট করে জানায়, আইসিসির নিরাপত্তা বিভাগ ও বিসিবির মধ্যে চলমান আলোচনাকে কেন্দ্র করে দেওয়া ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখা ঠিক হবে না।
বিসিবির ব্যাখ্যা
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়,যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির একটি চিঠি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধে আইসিসির কোনো সরাসরি বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। বিষয়টি ছিল আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা হুমকি মূল্যায়ন সংক্রান্ত অভ্যন্তরীণ আলোচনা।
বোর্ড আরও জানায়, বিশ্বকাপে ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা বিসিবি আগেই আইসিসিকে অবহিত করেছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ভারতের বাইরে ভেন্যু নির্ধারণের অনুরোধও জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে বিসিবি।
ক্রীড়া উপদেষ্টার বক্তব্য
এর আগে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠি দিয়েছে, যেখানে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির তিনটি কারণ উল্লেখ করা হয়েছে।
তার ভাষায়,আইসিসির নিরাপত্তা বিভাগ বলেছে, তিনটি কারণে ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের জার্সি পরে চলাফেরা। তৃতীয়ত, দেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
অবাস্তব প্রত্যাশা’ আখ্যা
এই তিনটি কারণকে অবাস্তব আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন,আইসিসি যদি মনে করে আমরা দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলব, সমর্থকরা জার্সি পরবে না, অথবা ক্রিকেট খেলানোর জন্য জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।
তিনি আরও বলেন,ভারতে ক্রিকেট খেলা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতেই বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত।
বর্তমান অবস্থান
বিসিবির বক্তব্য অনুযায়ী, আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা লিখিত জবাব পাওয়া যায়নি। বোর্ড বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এই ইস্যু ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যেমন আলোচনা বাড়ছে, তেমনি দেশের ক্রীড়াঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি