| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইটভাটার ধুলো থেকে প্রিমিয়ার লিগের ইতিহাস: থিয়াগোর রূপকথা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৫:৪৫:৫১:অপরাহ্ন  |  ৭২৮৫৭৬ বার পঠিত
ইটভাটার ধুলো থেকে প্রিমিয়ার লিগের ইতিহাস: থিয়াগোর রূপকথা

স্পোর্টস ডেস্ক: এক সময় জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করতে হয়েছে, ফলের দোকানে বিক্রি করেছেন ফল। আজ সেই মানুষটিই ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে। ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগোর থিয়াগো এখন চোখ রাখছেন আরও বড় মঞ্চে ফিফা বিশ্বকাপে।

মাত্র ২৪ বছর বয়সেই প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলারদের গোলসংখ্যার রেকর্ড ভেঙে দিয়েছেন থিয়াগো। গত ৭ জানুয়ারি সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে তিনি এক মৌসুমে ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন। এর মাধ্যমে পেছনে ফেলেছেন রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল মার্তিনেলি ও ম্যাথেউস কুনহার ১৫ গোলের রেকর্ড।

যে প্রিমিয়ার লিগে এক সময় গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, কৌতিনিয়ো, জুনিনহো কিংবা রবিনহোর মতো তারকারা আলো ছড়িয়েছেন—সেই মঞ্চে এখন নতুন করে ঝলমল করছে থিয়াগোর নাম।

অচেনা জীবন থেকে আলোচনার শীর্ষে

মাত্র তিন বছর আগেও ইউরোপীয় ফুটবলে তার নাম খুব বেশি পরিচিত ছিল না। খেলতেন বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেটস রাজগার্ডে। সেখান থেকেই ধাপে ধাপে উঠে আসা। লুদোগোরেটসের হয়ে ট্রফি জয়ের পর ২০২৩ সালে যোগ দেন বেলজিয়ান ক্লাব ব্রুগেতে। সেখানকার দুর্দান্ত পারফরম্যান্স নজরে আনে ব্রেন্টফোর্ডের স্কাউটদের।

২০২৪ সালে ক্লাব রেকর্ড ৩ কোটি পাউন্ডে তাকে দলে ভেড়ায় ব্রেন্টফোর্ড। যদিও অভিষেক মৌসুমেই হাঁটুর গুরুতর চোটে মাঠের বাইরে থাকতে হয় দীর্ঘ সময়। কিন্তু প্রত্যাবর্তনটা ছিল রীতিমতো বিস্ফোরণ।

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল, এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের বিপক্ষে জয়ে তিনটি গোল, এভারটনের বিপক্ষে হ্যাটট্রিক এবং সবশেষ সান্ডারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভাঙা পারফরম্যান্স সব মিলিয়ে প্রিমিয়ার লিগ কাঁপাচ্ছেন থিয়াগো।

সংগ্রামের শেকড়, স্বপ্নের ডানা

১৩ বছর বয়সে বাবাকে হারান থিয়াগো। এরপর সংসারের হাল ধরতে ছোট বয়সেই নামতে হয় কাজে। ব্রাসিলিয়ার কাছে গামায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা মাকে সাহায্য করতে ইটভাটা ও ফলের দোকানে কাজ করেছেন তিনি। সেই সময়ের স্মৃতি আজও তাকে শক্ত করে ধরে রেখেছে।

থিয়াগো বলেন, জীবনের শুরুর সংগ্রাম আমার খেলাকে গড়ে তুলেছে। ছোট-বড় সবকিছু মেনে নিতে শিখেছি। আজ যখন পেছনে তাকাই, তখন মনে হয় আমি সত্যিই সৌভাগ্যবান।

রোনালদোর অনুপ্রেরণা, বিশ্বকাপের স্বপ্ন শৈশবের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মানসিকতা নিয়ে মাঠে নামেন থিয়াগো। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোকে খেলতে দেখে বলেছিলাম আমি ওর মতো হতে চাই, বলেন তিনি। এখন তার সামনে নতুন স্বপ্ন ব্রাজিল জাতীয় দলে জায়গা করে বিশ্বকাপে খেলা।

থিয়াগোর কণ্ঠে দৃঢ় প্রত্যয়, প্রিমিয়ার লিগে খেলা আমার স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে। এবার সেলেসাও জার্সিতে বিশ্বকাপে খেলতে চাই। সেদিন বলতে চাই হ্যাঁ, আমি পেরেছি।

থিয়াগোর গোলের ধারাবাহিকতায় ব্রেন্টফোর্ড এখন লিগ টেবিলের পাঁচ নম্বরে। চারে থাকা চেলসির থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দলটি। ফলে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নও বাস্তব হতে পারে। ইটভাটার ধুলো থেকে প্রিমিয়ার লিগের রেকর্ড ইগোর থিয়াগোর গল্প এখন শুধু সাফল্যের নয়, অদম্য লড়াই আর স্বপ্ন পূরণের এক জীবন্ত উদাহরণ।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪