| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ও ক্রিকেটারদের নিয়ে পরিচালকের মন্তব্যে বিতর্ক, বিসিবির দুঃখ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৬:৩৭:১৬:পূর্বাহ্ন  |  ৭২১৪০২ বার পঠিত
বিশ্বকাপ ও ক্রিকেটারদের নিয়ে পরিচালকের মন্তব্যে বিতর্ক, বিসিবির দুঃখ প্রকাশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বুধবার (১৪ জানুয়ারি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করলে সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন, যা পরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

বিশ্বকাপে না খেললে বিসিবির আর্থিক ক্ষতি হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ প্রস্তুতি ফি হিসেবে বিসিবি ইতোমধ্যে আইসিসি থেকে পাঁচ লাখ মার্কিন ডলার পেয়েছে এবং বিশ্বকাপ আয়োজনের কারণে অতিরিক্ত কোনো অর্থ পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, আইসিসি থেকে বাংলাদেশ প্রতিবছর প্রায় ২০ দশমিক ৪ মিলিয়ন ডলার পায়। পাশাপাশি চার বছর পরপর আইসিসির রিজার্ভ তহবিল থেকে আরও চার মিলিয়ন ডলার বরাদ্দ পাওয়া যায়।

তবে আর্থিক ক্ষতি বিসিবির না হলেও ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা—এমন প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপে না খেললে খেলোয়াড়রা প্রাইজমানি ও ম্যাচ ফি থেকে বঞ্চিত হবেন। এ প্রসঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, বিশ্বকাপে গিয়ে যদি তারা কিছুই করতে না পারেন, তাহলে তাদের পেছনে বোর্ড যে বিপুল অর্থ ব্যয় করছে, সেটি ফেরত চাইছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে ক্রিকেটাররা প্রত্যাশিত সাফল্য দেখাতে পারছেন না এবং এখন পর্যন্ত কোনো বৈশ্বিক স্বীকৃতিও বাংলাদেশ পায়নি। এসব মন্তব্য ঘিরে সমালোচনা আরও জোরালো হয়।

এদিকে, বিষয়টি নিয়ে রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবস্থান স্পষ্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড এমন মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে, যা কাম্য নয় কিংবা আপত্তিকর বা বেদনাদায়ক হতে পারে।

বিসিবির ভাষ্য অনুযায়ী, এসব মন্তব্য বোর্ডের মূল্যবোধ, আদর্শ বা দাফতরিক অবস্থানের প্রতিফলন নয়। নির্ধারিত মুখপাত্র বা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বাইরে কোনো পরিচালক বা বোর্ড সদস্যের দেওয়া বক্তব্যের দায়ভার বিসিবি গ্রহণ করবে না বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা বক্তব্য এবং বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা ও কল্যাণ রক্ষা এবং ক্রিকেটের সব স্তরে পেশাদারত্ব, দায়বদ্ধতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪